বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে : তারেক রহমান

দুর্নীতি যেই বা যারাই করুক সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা অনৈতিক কাজে জড়িত তাদের ছাড় দেব না। আমাদের দলের হলেও না। যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না মন্তব্য করে তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনও উন্নয়ন হবে না।
বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল, যারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠনে সমর্থ হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। আমরা স্বাস্থ্যসেবা মানুষের ঘরে পৌঁছে দেব। সারা দেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে।
বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন করবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। বিএনপি সরকারের সময়ে আমরা লাখ লাখ মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছি। চট্টগ্রামের ইপিজেডগুলো সেই কর্মসংস্থানের উদাহরণ।