logo

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের বাধার মুখে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে অন্তত চারজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা ধাওয়া করে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুদিন আগে শামীম ওরফে জুয়েল নামের এক ব্যক্তি সুমন মিয়ার দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড করে টাকা না দিলে তাকে আটক রেখে টাকা আদায় করা হয়। এর জেরে রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচ যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। 

এ সময় স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাদের ঘিরে ফেললে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে পথচারীসহ চারজন গুলিবিদ্ধ হন।

পরে উত্তেজিত জনতা ধাওয়া দিলে অন্যরা অস্ত্রসহ পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং চারটি গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা থানার পরিদর্শক মাহবুব আলম বলেন, গুলিতে পথচারীসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। অন্যদের শরীর ঘেঁষে গুলি গেছে, তারা তুলনামূলকভাবে কম আহত। 

তিনি জানান, আটক ব্যক্তি কখনও নিজের নাম শামীম, আবার কখনও জুয়েল বলে জানিয়েছেন। মারধরের কারণে তিনি অসুস্থ থাকায় চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে পলাতক অস্ত্রধারীদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।