নোয়াখালীতে ছয় ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দুটি এবং হারিছ চৌধুরী বাজারের চারটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।
জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠানগুলো হলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রাদার্স ফার্মেসি ও নুর মেডিকেল হল এবং হারিছ চৌধুরী বাজারের জনসেবা ফার্মেসি, নিউ সেবা মেডিকেল হল, ভাই ভাই মেডিকেল হল ও দেবনাথ ফার্মেসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নোয়াখালী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চরজব্বার থানা-পুলিশের সদস্যরা।
জানা যায়, অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও লাইসেন্স নবায়ন না করা এবং চিকিৎসকদের জন্য বরাদ্দ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে রেফ্রিজারেটরে না রাখার বিষয়টিও নজরে আসে। পরবর্তীতে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী সংশ্লিষ্ট ছয়টি ফার্মেসিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। প্রাথমিকভাবে অর্থদণ্ডের পাশাপাশি ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট ফার্মেসি সিলগালা বা বন্ধ করে দেওয়া হবে।
