কুষ্টিয়ায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাযাত্রীর

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ১২ মাইল মোড়সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। আহতদর নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া অভিমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে ৫ যাত্রী আহত হন।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজন যাত্রী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। ট্রাক ও অটোরিকশা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনার শিকার যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


