তেল মজুত করে বেশি দামে বিক্রি, দোকান মালিককে জরিমানা

মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান।
এ সময় ‘মেজবা স্টোর’ নামের একটি দোকানে পেট্রোল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দোকানে থাকা প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দ এসব পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, আমরা প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি, যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এছাড়া পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কারও কাছে পেট্রোল মজুতের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।