logo

ঈদের আগে দুই জেলায় সড়কে ঝরল সাত প্রাণ

ঈদের আগে দুই জেলায় সড়কে ঝরল সাত প্রাণ
দুর্ঘটনার ‍শিকার গাড়ি। ছবি: এশিয়া পোস্ট

যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হন। এ ছাড়া কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান তিনজন।

শনিবার (২৩ মে) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে বলে যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ও কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

যশোরে নিহতরা হলেন ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী এবং যাত্রী বৃষ্টি সাহা ও আনোর আলী। তাদের মধ্যে আইয়ুব আলী ও বৃষ্টি সাহা ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার আলী ও চার বছর বয়সি সৌভিক সাহা। হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাজ্জাদ হোসেন নামে আরও একজন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও অন্য একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।