দিনাজপুরে পিক-আপের ধাক্কায় স্ত্রী-সন্তান নিহত, স্বামী আহত

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
দিনাজপুরে পিক-আপের ধাক্কায় স্ত্রী-সন্তান নিহত, স্বামী আহত
মানচিত্রে দিনাজপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে মহাসড়কে পিকআপের ধাক্কায় স্ত্রী ও শিশু সন্তান নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, নাজমুল ইসলাম স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে আব্দুল্লাহকে মোটরসাইকেলে নিয়ে ভোরে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়ায় হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে ঠাকুরগাঁওগামী মাছের পিকআপ ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পিকআপটি মা ও ছেলের শরীরের ওপর দিয়ে যায়।

বীরগঞ্জ থানার এসআই দেবাশীস রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে পিকআপটি ধরা যায়নি।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু বক্কর সিদ্দীক বলেন, মা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় এবং আহত নাজমুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয় :দিনাজপুর