logo
Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার হওয়া ইশায়েক শাহরিয়ার অপ্রতিম। ছবি: পরিবারের সৌজন্যে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদের নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সি ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।

এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর অপ্রতিমের ফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের পাশে ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন আমরা তার মরদেহ খুঁজে পেয়েছি। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।