logo
Advertisement

অপরাধমুক্ত সীমান্ত গড়তে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চাঁপাইনবাবগঞ্জ
অপরাধমুক্ত সীমান্ত গড়তে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
প্রশিক্ষণ কার্যক্রমে ৩৫ জন যুবক অংশ নিয়েছেন। ছবি : এশিয়া পোস্ট

সীমান্তবর্তী এলাকার যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিকি ব্যাটালিয়নের আয়োজনে স্থানীয় বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিজিবির জনকল্যাণমূলক এ কর্মসূচিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিয়মিত কাজ করছে বিজিবি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকেরা দক্ষ হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এতে তারা সীমান্ত অপরাধ ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিরাপদ জীবন গড়ে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় বেকারত্ব কমানো ও অপরাধ প্রতিরোধে বিজিবির এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুর, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।