১৮ হাজার গ্যাস সিলিন্ডার মজুত, সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের নেতৃত্বে মহানগরের সদর মেট্রো থানার দুইটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়ামত সড়কে অবস্থিত ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুতসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দেশিপাড়া এলাকায় ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার গ্যাস সিলিন্ডার মজুতের অপরাধের প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, অধৈধ মজুতের খবর পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছ। ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।