পাবনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’ স্লোগানে সারা দেশের মতো পাবনায়ও কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের।
সোমবার (১১ মে) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পোর্টালটির উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন এশিয়া পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত। এসএ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।
তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহে অনলাইন সংবাদমাধ্যমগুলোর ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, এশিয়া পোস্ট সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং পাবনার ইতিবাচক ইমেজ বিশ্বদরবারে তুলে ধরবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এশিয়া পোস্ট ঐতিহাসিক দৃষ্টান্ত রাখতে পারবে। আমি আশা রাখব, এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দেশের জনগণের মনের কথা তারা তুলে ধরতে পারবে। ভয়ভীতি উপেক্ষা করে এশিয়া পোস্ট মাথা উঁচু করে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসাইন। তিনি বলেন, পেশাদারিত্ব ও নৈতিকতার সংমিশ্রণে এশিয়া পোস্ট সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে—এমনটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ, আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি নবী নেওয়াজ, দৈনিক পাবনার চেতনার প্রধান সম্পাদক এসএম আদনান।
আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মো. রাউজ আলী, এখন টেলিভিশনের মাসুদ রানা, দেশ টিভির পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সময়ের আলোর প্রতিনিধি ফেরদৌস হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন অর্থ প্রমুখ। জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।