ঝিনাইদহে ডিসি আদালতের পুরনো ভবনের সামনে থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার

ঝিনাইদহ শহরে ডিসি কোর্টের (জেলা প্রশাসক আদালত) সামনে থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকার।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নিশান হোসেন জানান, ওই ভবনের সামনের অস্থায়ী ফলের দোকান খুলছিলেন তিনি। দোকান খোলার সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার এসআই সুশান্ত কর্মকার বলেন, ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এগুলো রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
