logo

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩৪ 

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩৪ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসা. পারভীন আক্তার (৩৫), মোসা. সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মো. নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে দুটি সাজা পরোয়ানার আসামি ২ জন, পাঁচটি জিআর পরোয়ানার আসামি ৫ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদককারবারি, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।