‘খুন হওয়ার’ দুই বছর পর ফিরে এলেন যুবক, বিচার চাইলেন কারাভোগ করা ঠিকাদার

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
‘খুন হওয়ার’ দুই বছর পর ফিরে এলেন যুবক, বিচার চাইলেন কারাভোগ করা ঠিকাদার
mostofa-kamal

‘খুন হওয়ার’ দুই বছর পর ওই যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উদ্ধার হওয়া যুবকের নাম মোস্তফা কামাল (২৮)। তিনি শেরপুর জেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে কুলিয়ারচরে তার নানাবাড়িতে বসবাস করতেন।

দুই বছর আগে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে এমন অভিযোগের মামলায় চার মাস কারাভোগ করেছেন এক ঠিকাদার।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মোস্তফা কামাল নিখোঁজ হন। পরে তার মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, ছেলেকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ অভিযোগে তিনি আদালতে একটি মামলা করেন। মামলায় বাজিতপুরের ঠিকাদার জামান মিয়াকে প্রধান আসামি করা হয়। অভিযোগ ছিল, মোস্তফা কামালের সঙ্গে তার কয়েক লাখ টাকার আর্থিক লেনদেন ছিল। ওই মামলায় জামান মিয়া প্রায় চার মাস কারাগারে ছিলেন।

তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৯ জুলাই রাতে গাজীপুরের গাছা থানার ডেগেরচালা এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার একটি বাসা থেকে মোস্তফা কামালকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় তিনি বিয়ে করে নতুন সংসারও গড়ে তুলেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মঞ্জরুল হক এশিয়া পোস্টকে বলেন, ‘মোস্তফা কামালের আত্মগোপনের বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতেন। তবে গত দুই বছরে তারা এ তথ্য পুলিশকে জানায়নি। মোবাইল কললিষ্ট পর্যালোচনায় তার পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত হয়েছি।’

ঠিকাদার জামান মিয়া এশিয়া পোষ্টকে বলেন, ‘আমি কোনো অপরাধ না করেও চার মাস জেল খেটেছি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয় মোস্তফা কামালের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন এশিয়া পোষ্টকে বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।