রাঙামাটিতে নতুন দামে মিলছে না এলপি গ্যাস

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সরকার কমালেও খুচরা বাজারে এখনও এর কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত নতুন দামে মিলছে না ১২ কেজির এলপিজি সিলিন্ডার।
নতুন মূল্য অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার কিনতে আসা শিবু নন্দী বলেন, সরকার দাম বৃদ্ধি করলে ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গেই বাড়তি দাম কার্যকর করেন। কিন্তু যখন দাম কমে, তখন বিক্রেতারা নানা অজুহাত দেন। দাম কমার পরও আজ আমাকে ১ হাজার ৭৫০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস কিনতে হয়েছে। সাধারণ ভোক্তাদের কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনের উচিত এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।
তবলছড়ি বাজারের গ্যাস বিক্রেতা মো. নাছির উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় দাম কমানো হলেও ডিলার পর্যায়ে এখনও আগের দামেই গ্যাস বিক্রি হচ্ছে। আশা করছি রোববার থেকে সরকারের নির্ধারিত নতুন দামে এলপিজি সরবরাহ করা সম্ভব হবে।
এ বিষয়ে ডিলার মো. জসিম উদ্দিন বলেন, সরকার দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করলেও কোম্পানিগুলো আমাদের এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেয়নি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। শুক্র ও শনিবার বন্ধের দিন থাকায় আশা করছি রোববার থেকে নতুন দামে ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি বিক্রি করা যাবে।




