সীমান্তে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সীমান্তে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিয়মিত রাতের টহল চলাকালে সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাগাছিয়া এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন টহল সদস্যরা। তাদের থামার নির্দেশ দিয়ে পরিচয় ও আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিজেদের নিরাপত্তা ও চোরাকারবারিদের গতিরোধের উদ্দেশ্যে ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা সীমান্তবর্তী ঝোপঝাড়ের সুযোগ নিয়ে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। গুলিবর্ষণের এই ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে বিজিবি।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত ও অর্থনীতি রক্ষায় চোরাচালান রোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।