রূপসায় সাবেক ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে গুলি করে সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলামকে (৩২) হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। খুলনা এসআরবি-৬ ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ আভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি ফোর্সের সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন ফখরুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ছিলেন। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বজনদের ভাষ্য, ইটভাটায় চুরির ঘটনা ঠেকাতে তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারা দিতেন। এ ঘটনায় ফখরুলের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এসআরবি ফোর্সেসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আব্দুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
