কিশোরগঞ্জে প্রতিবন্ধী ভিক্ষুককে হত্যা করে টাকা ছিনতাই

কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের পিটুনিতে এক শারীরিক ও বাক্প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। পরে তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত হাবুল মিয়া (৫২) বরুহা গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। তিনি গ্রামে একাই বসবাস করতেন।
হাবুল মিয়া হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং তাড়াইল সিএনজিস্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, রোববার রাত ৩টার দিকে উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের নিজ বাড়ির সামনে হামলায় গুরুতর আহত অবস্থায় হাবুল মিয়াকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে অজ্ঞাত দুই থেকে তিনজন দুর্বৃত্ত গাছের ডাল বা কাঠ দিয়ে হাবুল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তার কাছে থাকা ভিক্ষার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বাকপ্রতিবন্ধী হওয়ায় হামলার সময় হাবুল মিয়া চিৎকার করে কারও সাহায্য চাইতে পারেননি। পরে তার গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় বরুহা গ্রামসহ পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে আজ সকালে অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.png)


