দেশবাসী ও সমর্থকদের উদ্দেশে আমির হামজার বার্তা

নিজেকে ঘিরে সমালোচনা ও ‘মিডিয়া ট্রায়াল’-এর প্রেক্ষিতে সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে আমির হামজা লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ—আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়—সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।’
তিনি আরও লেখেন, ‘সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য।’
একই পোস্টে বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করে তিনি দাবি করেন, কিছু সংবাদমাধ্যম তার বক্তব্য ‘টুইস্টেড’ করে প্রকাশ করছে। তবে এসব সমালোচনা বা সংবাদে তিনি বিচলিত নন বলেও উল্লেখ করেন। তার ভাষায়, ‘নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে।’
দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকার কারণে এর আগেও আলোচনায় এসেছেন মুফতি আমির হামজা। তিনি এবার কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।