Advertisement

রাজবাড়ী রেলস্টেশনে নেই বিকল্প বিদ্যুৎ, ভরসা মোবাইলের আলো

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
রাজবাড়ী রেলস্টেশনে নেই বিকল্প বিদ্যুৎ, ভরসা মোবাইলের আলো
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই অচলাবস্থার মুখে পড়ে রাজবাড়ী রেলস্টেশন। ছবি : এশিয়া পোস্ট

বিদ্যুৎ চলে গেলেই যেন থমকে দাঁড়ায় রাজবাড়ী রেলস্টেশনের স্বাভাবিক কার্যক্রম। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অভাবে পুরো স্টেশন অন্ধকারে ডুবে যায়। এতে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনের আলোয় টিকিট ইস্যু ও অন্যান্য দাপ্তরিক কাজ পরিচালনা করতে হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী রেলস্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। সে সময় ১ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস এবং ২ নম্বর লাইনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস অবস্থান করছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পুরো স্টেশন অন্ধকারে নিমজ্জিত হলে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়।

স্টেশন সূত্র জানায়, প্রায় এক বছর ধরে বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুৎ সরবরাহের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে লোডশেডিং হলেই স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য হয়ে মোবাইল ফোনের আলো ব্যবহার করে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। স্টেশন সংশ্লিষ্টদের দাবি, আইপিএস সরবরাহের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এক বছর ধরে বিকল্প বিদ্যুৎহীন রাজবাড়ী রেলস্টেশন। ছবি : এশিয়া পোস্ট
এক বছর ধরে বিকল্প বিদ্যুৎহীন রাজবাড়ী রেলস্টেশন। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা থেকে আসা এক যাত্রী বলেন, গভীর রাতে পুরো স্টেশন অন্ধকার হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য পরিস্থিতি উদ্বেগজনক।

খুলনা থেকে আসা আরেক যাত্রী বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর জরুরি আলোরও কোনো ব্যবস্থা ছিল না। অন্ধকারে চলাচল করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলস্টেশনের সহকারী মাস্টার মো. আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্টেশনে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নেই। আইপিএসের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যুৎ চলে গেলে মোবাইল ফোনের আলোয় টিকিট ইস্যু, রেজিস্ট্রার সংরক্ষণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ চালিয়ে নিতে হয়।

তিনি আরও বলেন, রাজবাড়ী স্টেশনে একাধিক ট্রেন ও ইঞ্জিন অবস্থান করে। লোডশেডিংয়ের সময় পুরো স্টেশন অন্ধকার হয়ে গেলে চুরি-ছিনতাই ও অপ্রীতিকর ঘটনার ঝুঁকি বেড়ে যায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন প্রয়োজন।

বিষয় :রাজবাড়ী