logo

কুমিল্লায় মালবাহী থ্রি-হুইলারসহ ভেঙে পড়ল ব্রিজ

কুমিল্লায় মালবাহী থ্রি-হুইলারসহ ভেঙে পড়ল ব্রিজ
কুমিল্লার বরুড়ার আড্ডা কলেজ সড়কে জরাজীর্ণ ব্রিজ ভেঙে খালে পড়ে যায় একটি মালবাহী থ্রি-হুইলার। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা কলেজ সড়কে মালবাহী মালবাহী থ্রি-হুইলারসহ একটি জরাজীর্ণ সরু ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে সামছু নামের থ্রি-হুইলারচালক আহত হয়েছেন। তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আড্ডা কলেজ সড়কের মুক্তিযোদ্ধা অজিউল্লাহর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। এটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের কথা থাকলেও এতদিন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হতো। অবশেষে একটি মালবাহী থ্রি-হুইলার পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।

দুর্ঘটনার একটি ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা আমান হোসেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রিজটির বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

আমান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের কথা বলা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার দায় কে নেবে?

অন্য এক বাসিন্দা প্রকৌশলী রিফাত বলেন, উপজেলায় এমন অসংখ্য ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন; তা না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আমি ভিডিওটি দেখেছি। এখানে নতুন যোগ দেওয়ায় ব্রিজটি সম্পর্কে বিস্তারিত জানা নেই। রোববার কার্যালয় খুললে পরিদর্শনের পর বিস্তারিত বলতে পারব। তবে দেখে মনে হচ্ছে, এটি বেশ পুরনো একটি ব্রিজ।