রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশু এলমা, অটোরিকশার ধাক্কায় গেল প্রাণ

বরগুনার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এলমা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়ার মেয়ে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। দুর্গাপূজার ছুটিতে মেয়েকে নিয়ে কাউনিয়া গ্রামে শ্বশুর আজিজ ফরাজীর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এলমা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক বাদল ফকির ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। পরে শিশুটির মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান। নিহত শিশুর মামা মোফাজ্জেল হোসেন বলেন, বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় এলমার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।