ভোলায় আ.লীগ নেতাদের ছত্রছায়ায় মাদক কারবার

ভোলার বোরহানউদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় মনিরুল ইসলাম কবির নামে এক ব্যক্তি মাদক ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা।
সংবাদ সম্মেলনে বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের সভাপতি মো. শিহাব উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রব হাওলাদার ও পৌর যুবদলের সভাপতি মো. হেলাল মুন্সি বক্তব্য দেন।
তারা বলেন, উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে কবির মাত্র সাত বছর আগেও ট্রাক চালাতেন। অথচ তিনি এত অল্প সময়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন এবং ওই ইউনিয়নে একটি বিশাল অট্টালিকা গড়ে তুলেছেন।
একজন সাধারণ ট্রাকচালক থেকে কীভাবে এত অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হওয়া সম্ভব—সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন প্রশ্ন তোলেন বিএনপি ও যুবদল নেতারা। একই সঙ্গে তারা কবিরের আয়ের উৎস খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
এসব অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম কবির বলেন, তিনি বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে ৩০ শতাংশ জমির ওপর নিজের বাড়ি নির্মাণ করেছেন। একজন দরিদ্র পরিবারের সন্তান হয়ে কীভাবে এত টাকার মালিক হলেন এবং আয়ের উৎস কী—জানতে চাইলে তিনি বলেন, এসব উত্তর আপনাকে দেব না, এর উত্তর আমি দুদককে দেব।


