অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরের কুকুটিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে ‘সততা আইসক্রিম ফ্যাক্টরি’কে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি থেকে জব্দ করা বিপুল ক্ষতিকর কেমিক্যাল ও জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলা প্রশাসন এবং মুন্সীগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কুকুটিয়া ইউনিয়নের সততা আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। এ সময় মুন্সীগঞ্জের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ, শ্রীনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি এবং শ্রীনগর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, মেঝেতে খাদ্যসামগ্রী ফেলে রাখা, নিম্নমানের খাদ্য উপাদান ও অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
কারখানা কর্তৃপক্ষ নিজেদের অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সততা আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাত্ক্ষণিকভাবে আদায় করা হয়। পরবর্তীতে জব্দকৃত ক্ষতিকর রাসায়নিক রং ও জেলি ধ্বংস করা হয়।
ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সন্তোষজনক পরিবর্তন না এলে আইন অনুযায়ী নিয়মিত মামলা করার হুঁশিয়ারি দিয়েছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
