logo
Advertisement

মুন্সিগঞ্জে মার্কেটে আগুন

এশিয়া পোস্ট নিউজ,মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে মার্কেটে আগুন
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ছবি: এশিয়া পোস্ট

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে একই ভবনে থাকা হাসপাতাল, ব্যাংক এবং আশপাশের দোকানপাট।

Advertisement

আজ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মালির অংক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলায় একটি জেনারেল হাসপাতাল এবং অন্য তলায় একটি ব্যাংকের শাখা ছিল। আগুন লাগার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন চারজন সিজারিয়ান রোগীসহ ভবনের লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিচতলার ‘আমির হোসেন বস্ত্রালয়’ নামে একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে একই ভবনের হাসপাতাল, ব্যাংক এবং পাশের অন্যান্য দোকানপাট বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকানের বিপুল পরিমাণ পোশাক ও আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।