নারী দোকানিকে ইটের আঘাতে হত্যার পর লাশ ফেলা হয় পুকুরে

সাতক্ষীরা সদর উপজেলায় গায়ের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এক নারী দোকানিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) একই ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি স্থানীয় বউবাজার এলাকায় একটি মুদিখানা দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার সন্ধ্যায় বীথিকা রানী বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে কপাল ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, তার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।