logo

চুয়েটে নতুন ভিসির যোগদান, প্রবেশ ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষক-কর্মকর্তাদের

চুয়েটে নতুন ভিসির যোগদান, প্রবেশ ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষক-কর্মকর্তাদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন নিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক ও কর্মকর্তারা।

অন্যদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম শিক্ষা মন্ত্রণালয়ে তার যোগদানপত্র জমা দেন। একই দিনে তাকে প্রত্যাখ্যানের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চুয়েট শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী সমিতি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল্লাহ স্পষ্ট ভাষায় জানান, আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে তাকেই পুনর্বহাল করা জরুরি।

শিক্ষক নেতারা জানান, বিদ্যমান সংকট সমাধানে এবং তাদের মূল দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরতে সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষক সমিতি জানায়, আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ও কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দ্রুততম সময়ের মধ্যে সরকার এর ইতিবাচক সুরাহা না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন ভিসি পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে ড. শরীফুল আলম বলেন, আমি চুয়েটের প্রাক্তন ছাত্র হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি আমার আলাদা আবেগ রয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে চুয়েটের শিক্ষা, গবেষণা ও সার্বিক অগ্রযাত্রায় কাজ করাই আমার মূল লক্ষ্য।

তবে নতুন উপাচার্যের যোগদানের পরপরই ক্যাম্পাসে সাবেক উপাচার্যের পুনর্বহালের দাবিতে অচলাবস্থা ও আন্দোলনের নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে।