logo

সিলেটে পেট্রোল পাম্প বন্ধ করে ধর্মঘট শুরু ব্যবসায়ীদের

সিলেটে পেট্রোল পাম্প বন্ধ করে ধর্মঘট শুরু ব্যবসায়ীদের

সিলেটে পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে ছুরিকাঘাতসহ কয়েকটি ঘটনার জেরে ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ব্যবসায়ীরা।

দুই দফা দাবিতে মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, আজ (সোমবার) সিলেট নগরের চৌকিদিখি এলাকার আরেকটি পাম্পসহ সিলেটের কয়েকটি পাম্পে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তেল না পেয়ে বিভিন্ন পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, তারা ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ পাচ্ছেন না। এ কারণে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না। মঙ্গলবার বেলা ২টার মধ্যে পেট্রোল পাম্পে হামলাকারীদের গ্রেপ্তার ও ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করার দাবিতে তারা সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরের চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে ছুরিকাঘাত করেন এক গ্রাহক। আহত কর্মচারী মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, এক গ্রাহককে ঙ্খলা মেনে তেল নেওয়ার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এ নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে এক কর্মচারীকে ছুরিকাঘাত করেন।

এই ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।