logo
Advertisement

ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,যশোর
ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জন্মাষ্টমী উপলক্ষে যশোরে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : এশিয়া পোস্ট

ধর্মকে পুঁজি করে সস্তা রাজনীতির মাধ্যমে দেশে বিভাজন কিংবা সামাজিক অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উপলক্ষে যশোর শহরের টাউন হল মাঠে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও চেতনার বিষয়, যা রাজনীতির মাঠে অনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হতে পারে না। ধর্মবিশ্বাসের ভিন্নতার কারণে রাষ্ট্রে কেউ যেন বঞ্চিত না হন কিংবা কোনো অতিরিক্ত সুবিধা না পান—সরকার তা কঠোরভাবে নিশ্চিত করতে চায়। যেকোনো রাজনৈতিক দল বা ধর্মের অনুসারীই হোক না কেন—বাংলাদেশকে বিভক্ত করার অপচেষ্টা চালানো হলে তাদের বিরুদ্ধে গড়ে তোলা হবে সামাজিক প্রতিরোধ।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। ধর্ম, রাজনৈতিক দর্শন কিংবা বিশ্বাসের পার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের প্রতিনিধি হিসেবে এই দেশে তাঁর যতখানি অধিকার রয়েছে, সব নাগরিকের ঠিক ততখানি অধিকার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। টাউন হল মাঠ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়ার সর্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বিষয় :