এশিয়া পোস্টের অগ্রযাত্রা নতুন দিগন্ত উন্মোচন করবে: এমপি বাচ্চু

এশিয়া পোস্টের অগ্রযাত্রা নড়াইলসহ সারা দেশের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের এমপি মো. আতাউর রহমান বাচ্চু।
সোমবার (১১ মে) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আতাউর রহমান বাচ্চু বলেন, এশিয়া পোস্ট কেবল একটি নিউজ পোর্টাল নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। আমরা চাই এমন একটি সংবাদমাধ্যম, যা প্রকৃত অর্থেই জনগণের কথা বলবে। সাংবাদিকতা হোক শাণিত, নিরপেক্ষ এবং দেশপ্রেমের হাতিয়ার। আমি বিশ্বাস করি, এশিয়া পোস্ট তার আদর্শ থেকে বিচ্যুত হবে না এবং মানুষের আস্থার প্রতীকে পরিণত হবে।
তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখ, অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরাই হবে এশিয়া পোস্টের মূল লক্ষ্য। কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে নয়, বরং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে এশিয়া পোস্ট।
এশিয়া পোস্টের নড়াইল প্রতিনিধি এসকে সুজয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উপসচিব মো. আছাদুজ্জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি মুনীর চৌধুরী ও সুলতান মাহমুদ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাঠক প্রবাহ পত্রিকার প্রকাশক-সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক মলয় নন্দী, কার্ত্তিক দাস, অশোক কুন্ডু, দৈনিক ওশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা এবং সাংবাদিক মুন্সী আসাদুর রহমান।
বক্তারা বলেন, এশিয়া পোস্ট সমাজের বিভিন্ন অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে। তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরাই হবে এই গণমাধ্যমের অন্যতম প্রধান লক্ষ্য।
আলোচনা সভা শেষে কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।