logo

নিখোঁজের সাত দিন পর লিচু বাগান মিলল যুবকের লাশ

নিখোঁজের সাত দিন পর লিচু বাগান মিলল যুবকের লাশ
নাটোরে নিখোঁজের সাত দিন পর লিচু বাগানে মিলল জাকির হোসেনের মরদেহ, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

নিখোঁজের সাত দিন পর নাটোরের গুরুদাসপুরে লিচু বাগান থেকে জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন উপজেলার সোনাবাজু পূর্বপাড়া মহল্লার মৃত আজিজুল হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান ও নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার সকালে জাকির হোসেন বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সারা দিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই গুরুদাসপুর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর মহল্লার একটি লিচু বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।