মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৭) হাতে বড় ভাই সাকিব (২২) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে উপজেলার মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের এরশাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল কার তত্ত্বাবধানে থাকবে—এনিয়ে বুধবার রাতে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। পরে একপর্যায়ে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মোটরসাইকেলটি পরিবারের, নাকি অন্য কারও সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
স্বপন কুমার সরকার আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশও কাজ করছে। মরদেহ এখনও বগুড়ায় আছে।
