logo

খোকসার ওসিকে রেঞ্জে সংযুক্ত, গভীর রাতে বেতার বার্তায় প্রত্যাহারের খবর

খোকসার ওসিকে রেঞ্জে সংযুক্ত, গভীর রাতে বেতার বার্তায় প্রত্যাহারের খবর
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মোল্লা জাকির হোসেন। ছবি: আইনশৃঙ্খলা বাহিনীর সৌজন্যে

বিভিন্ন বিতর্কিত ঘটনায় আলোচিত কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেনকে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। গভীর রাতে বেতার বার্তা পাঠিয়ে তাকে কর্মস্থল থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় বলে জানিয়েছে থানা সূত্র।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে মোল্লা জাকির হোসেনকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ সেপ্টেম্বর খোকসা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের প্রবাসী ভাই নাসির উদ্দিন শেখ হেলিকপ্টারে করে খোকসায় ফেরার পর তাকে ফুল দিয়ে বরণ করার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন ওসি মোল্লা জাকির হোসেন।

তবে তখন ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোল্লা জাকির হোসেন দাবি করেছিলেন, তারা নিরাপত্তার জন্য সেখানে গিয়েছিলেন এবং তারা ফুল দেননি।

থানা ও স্থানীয় সূত্র জানায়, খোকসায় দায়িত্ব পালনের সময় মোল্লা জাকির হোসেনের বিরুদ্ধে আরও গুরুতর কিছু অভিযোগ ওঠে। এর মধ্যে আটক সন্ত্রাসীকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, জোড়া খুনের আসামিদের কাছ থেকে অর্থ নেওয়া এবং একাধিক ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত হতে পারে বলেও সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, মোল্লা জাকির হোসেনের দায়িত্বকালে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, চুরি ও ডাকাতির ঘটনা নিয়ে উদ্বেগ বেড়েছিল।

থানা সূত্র জানায়, মোল্লা জাকির হোসেন খোকসা থানা থেকে প্রত্যাহার হতে পারেন, মঙ্গলবার দুপুর থেকে এমন খবর ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক খোকসা থানার এক কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, কুষ্টিয়া পুলিশ সুপারের দপ্তর থেকে বেতার বার্তার মাধ্যমে তাকে ক্লোজ (প্রত্যাহার) করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, বুধবার রাত ২টার পর কুষ্টিয়া পুলিশ সুপারের দপ্তর থেকে বেতার বার্তায় মোল্লা জাকির হোসেনকে খোকসা থানা থেকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সেখান থেকে নতুন কর্মস্থল খুলনা রেঞ্জ অফিসের উদ্দেশে রওনা হন।

থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, মোল্লা জাকির হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি খুলনার উদ্দেশে খোকসা ত্যাগ করেছেন।

কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এশিয়া পোস্টকে বলেন, সম্ভবত খুলনা রেঞ্জ অফিস থেকে তাকে ক্লোজ করা হতে পারে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে বদলি করা হয়েছে।