বিদেশি ব্যবসায়ীদের নিয়ে সোলার প্রজেক্ট স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন প্রতিমন্ত্রীর

চীন, সিঙ্গাপুর ও দুবাই ব্যবসায়ীসহ দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে পঞ্চগড়ে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ে সরকারি অর্থায়নে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, প্রথম পর্যায়ের অংশ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্লান্টসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেবীগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক ‘এগ্রোজোন’ ও সবুজায়ন গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অঞ্চলের ভৌগোলিক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, পঞ্চগড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগী। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হলে আগামী ডিসেম্বরের মধ্যেই কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামীণ জনপদের বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।
বিগত সরকারের তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে এবং গ্রামের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই সার্বিক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে, যা এলাকার বেকারত্ব দূরীকরণ ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে চায়নার জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং জানান, পঞ্চগড়ের জমি ও পরিবেশ বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। নিজ দেশে ফিরে পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাবুব হোসেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

