logo
Advertisement

প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে জনগণ মেনে নেবে না: খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ,মাদারীপুর
প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে জনগণ মেনে নেবে না: খোকন তালুকদার
আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, দিনের ভোট রাতে হয়নি। গুম-খুন হওয়া পরিবারসহ দেশের সাধারণ মানুষ তারেক রহমানের পাশে আছে। তাকে বিতর্কিত করতে জামায়াতের উল্টাপাল্টা বক্তব্য জনগণ মেনে নেবে না।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাইয়ুম মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষে আলহাজ্ব লোকমান মোল্লা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

জামায়াতের অতীত ও বর্তমান ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে খোকন তালুকদার বলেন, আপনারা বিএনপির সাথে ছিলেন, বিএনপি কখনো জামায়াতের সাথে ছিল না। বিএনপি আপনাদের ধানের শীষে নির্বাচন করার সুযোগ দিয়েছিল বলেই আপনারা রাজনীতিতে জায়গা পেয়েছিলেন। আর আজ বড় বড় কথা বলে আন্দোলনের ভয় দেখান।

নিজের গুম হওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে ভালো পথে থাকুন। ভণ্ডামি আর আবোল-তাবোল কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনারা সাবধান হয়ে যান।

মরহুম কাইয়ুম মিয়ার মেজো মেয়ে ফারিয়া রিচির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মরহুমের ছোট মেয়ে আজারা কাইয়ুম, মেজো মেয়ের জামাতা কাজী শরিফুল ইসলাম সিফাত, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।