logo

বগুড়ায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তিনি গ্রেপ্তার হন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে চালান করা হয়েছে।  

মিজানুর রহমানের দলীয় পদ নিশ্চিত করেছেন জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জিম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে বগুড়ার আজিজুল হক কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রামাণিককে জোরপূর্বক অডিটরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করে এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে গত ৩০ আগস্ট সদর থানায় একটি মামলা করেন। মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সে মামলায় সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।