স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদাবাজি

ফেনীর পরশুরাম উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে পরশুরাম বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করা হয় বলে জানা যায়।
ব্যবসায়ীরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোক্তা মনসুর আহাম্মদ, অফিস সহায়ক সাইফুল এবং বণিক সমিতির পরিচয়ে নুরুল আলম ও মহিউদ্দিন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা সংগ্রহ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পরশুরাম মেইন রোডের এক মিষ্টি ব্যবসায়ী জানান, স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ইউএনওর কথা বলে আমার কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। পরে আমরা ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করলে ইউএনওর নির্দেশে টাকা ফেরত দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে যায় বণিক সমিতির লোকজন।
এ বিষয়ে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এস এম সাফায়াত আক্তার নূর জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো চাঁদা আদায়ের নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টি জানার পর অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা চাঁদা তোলার কথা স্বীকার করেছেন। ইতোমধ্যে সংগৃহীত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম বলেন, বিষয়টি শোনার পর ব্যবসায়ীদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। এভাবে উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসন থেকে টাকা নেওয়ার জন্য কাউকে বলা হয়নি। কেউ যদি নিয়ে থাকে তাহলে সেই দায় আমাদের নয়। আমাদের কোনো লোকজন দোকানে গিয়ে কোনো চাঁদা অথবা টাকা আদায় করেনি। আমি বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিক টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। যা পরে ব্যবসায়ীরা ফেরত পেয়েছেন।