ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ, শজিমেক হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসায় ব্যাঘাত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে বহির্বিভাগের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বের) সকাল নয়টা থেকে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা) ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
চিকিৎসাসেবা ব্যাহত হয়নি বলে দাবি করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর-এ-মোর্শেদ। তিনি বলেন, মিডলেভেল চিকিৎসক, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধানসহ অন্যান্য চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন।
চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনার পর তারা এ কর্মসূচি শুরু করেন।
বুধবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকরা জানান, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তাদের দাবি, ওই ঘটনায় অন্তত ১৫ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।
ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির মধ্যে রয়েছে; হামলাকারীদের গ্রেপ্তার, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালে আনসার সদস্য বাড়ানো, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং একজন রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা এটেনডেন্ট না রাখা।
এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বগুড়া সদর থানা একটি মামলা করেন। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার রাত ১২টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। বুধবার কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটে। বৃহস্পতিবার সকালে বহির্বিভাগের সেবাও বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, সমস্যা সমাধানে আজ বেলা ১২টায় হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্তৃপক্ষ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাদের নিয়ে সভার আয়োজন করা হয়েছে।



