মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে ককটেল হামলা, গুলিবিদ্ধ ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনি প্রচার কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর ককটেল হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মুন্সীকান্দি ও বেহেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) সমর্থকরা সকালে মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
হামলায় নজরুল সরকার (৬৫) ও রিজন সরকার (৩০) নামে দুজন শটগানের গুলিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অস্ত্রধারীদের অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসায় তারা আবার সক্রিয় হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।