মেহেরপুরে বোমা ভেবে আতঙ্ক, খুলতেই মিলল গমের আটা

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা মুখ বাঁধা একটি ব্যাগ ঘিরে তৈরি হয় বোমা আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তবে রহস্যজনক ব্যাগটির মুখ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে গমের আটা। এতে মুহূর্তে আতঙ্ক কেটে স্বস্তি ফেরে স্থানীয়দের মাঝে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আসাদ মার্কেটের সিঁড়িতে, যা জামায়াত কার্যালয়ের নিচে অবস্থিত—একটি মুখ আটকানো শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও ব্যবসায়ীরা। ব্যাগটির অবস্থান ও আকৃতি দেখে সেখানে বোমা থাকতে পারে বলে সন্দেহ হয় তাদের। মুহূর্তেই উৎসুক জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পাওয়ার পরপরই গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। পরে গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল দাস সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ব্যাগটির মুখ খোলেন। কিন্তু কোনো বিস্ফোরক বা বোমার পরিবর্তে ব্যাগের ভেতরে কেবল গমের আটা পাওয়া যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ব্যাগটিতে বোমা আছে—এমন খবরেই পুলিশ দ্রুত সেখানে যায়। তবে পরীক্ষা করে ভেতরে আটা পাওয়া গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।



