মুন্সীগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলে বাধা, হামলায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর (৫০) বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজ উদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন।
আহতরা হলেন—তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪) ও আব্দুর রহমানসহ (২৩) আরও দুজন। আহতদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, হান্নান হাজী গং, মানিক ডাকাত ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। তবে মামলায় ব্যর্থ হন তারা। এরপর সম্প্রতি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয়। সর্বশেষ মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুনরায় তাকে হাসপাতাল গেটেও প্রতিপক্ষ লোকজন বেধড়ক মারধর করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া এশিয়া পোস্টকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।