logo

‘এহন আমি কেমনে কামাই করব, কেমনে কিস্তি দিব’

‘এহন আমি কেমনে কামাই করব, কেমনে কিস্তি দিব’

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপার্জনের সম্বল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন চালক আনোয়ার হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন পৌরসভার চরকাউরিয়া টালিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে।

চালকের বরাতে পুলিশ জানায়, শনিবার রাতে ইজিবাইক নিয়ে বের হন আনোয়ার। রাত সাড়ে ৯টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে অবস্থানকালে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার ইজিবাইক ভাড়া করেন। ওই ব্যক্তি জরুরি ভিত্তিতে আসামি ধরতে জব্বারগঞ্জ বাজারে যেতে হবে বলে জানান।

আনোয়ার তাকে নিয়ে জব্বারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। বাজারে পৌঁছানোর পর প্রতারক কৌশলে আনোয়ারকে একটি দোকানে পাঠান। এই সুযোগে মুহূর্তের মধ্যেই ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আনোয়ার হোসেন। তিনি বলেন, কিস্তি নিয়ে গাড়িটা কিনছিলাম। এই গাড়ির আয় দিয়ে আমার সংসার চলত। এহন আমি কেমনেই কামাই করব। কেমনে কিস্তি দিব, আমার সব শেষ হয়ে গেল।

এ বিষয়ে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।