logo

ভোট দিলেন নতুন ভোটার শারীরিক প্রতিবন্ধী তৌকির 

ভোট দিলেন নতুন ভোটার শারীরিক প্রতিবন্ধী তৌকির 

আমি আমার আব্বার সঙ্গে আমার জীবনের প্রথম শান্তিপূর্ণভাবে কোনো ঝামেলায় ছাড়া ভোট দিতে আসলাম। এর আগে একবার এসেছিলাম; কিন্তু ভোট দিতে পারি নাই। পরে বাসায় চলে গেছিলাম। আজ ভোট দিতে আসলাম অনেক ভালো লাগতাছে আমার। ভোটটা দিতে পারছি আলহামদুলিল্লাহ। মাদারীপুর পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে এই কথাগুলো বলতেছিলেন শারীরিক প্রতিবন্ধী মুনতাসির রহমান তৌকির। তিনি স্কুল শিক্ষক মিজানুর রহমানের ছেলে। 
প্রশাসনের কড়া নজরদারিতে মাদারীপুর জেলায় সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। এই জেলায় তিনটি সংসদীয় আসনে ২৪৪ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসহ মোট কেন্দ্র ৩৮১টি।

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ৩৮১টি ভোটকেন্দ্রের মাধ্যমে ১১ লাখ ৪৮ হাজার ৩৩০ ভোটার তাদের ভোট দেবেন। যার মধ্যে নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭, পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৮১ হাজার ৮৯৭ জন। তিনটি আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মাদারীপুর জেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।