logo
Advertisement

বন্ধুর ছুরিকাঘাকে ঝরে গেল আনোয়ারের জীবন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজব্রাহ্মণবাড়িয়া
বন্ধুর ছুরিকাঘাকে ঝরে গেল আনোয়ারের জীবন
নিহত আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন নতুন স্বপ্ন নিয়ে। বিদেশের উপার্জনের টাকা দিয়ে গড়ে তুলতে চেয়েছিলেন একটি খামার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। এক বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারাতে হয়েছে তরুণ আনোয়ার হোসেনকে।

শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এই হত্যাকাণ্ড।

নিহত আনোয়ার হোসেন উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার ও অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিনের বন্ধু ছিলেন। সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। তাকে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. মেশকাতুজ্জয়ামান জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ারের মৃত্যু হয়েছিল।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। সেখানে উপস্থিত আনোয়ার ওই ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেই বিরোধের জেরে পরদিন রাতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব থেকে দেশে ফিরেছিল। নিজের এলাকায় একটি খামার গড়ে তোলার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই তাকে হত্যা করা হলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত ও অভিযুক্ত পরস্পরের পরিচিত এবং বন্ধু ছিলেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।