logo
Advertisement

পীর শামিমের দেহাবশেষ নিয়ে ‘টানাটানির’ ঘটনায় মামলা, পুলিশ মোতায়েন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুষ্টিয়া
পীর শামিমের দেহাবশেষ নিয়ে ‘টানাটানির’ ঘটনায় মামলা, পুলিশ মোতায়েন
দরবার প্রাঙ্গণ থেকে তুলে দেহাবশেষ নেওয়া হয় পারিবারিক কবরস্থানে। শনিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের দেহাবশেষ বারবার উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শামিমের ভাই ফজলুর রহমান শনিবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানায় লাশ অবমাননার অভিযোগে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলাটি করেন। এজাহারে অজ্ঞাতপরিচয় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

চলতি বছরের ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগ এনে শামিমের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। ওই সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ১২ এপ্রিল ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গত ৪ সেপ্টেম্বর রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকায় অবস্থিত কবরস্থান থেকে শামিমের দেহাবশেষ তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে দেহাবশেষটি ‘শামিম বাবার দরবার শরিফ’ প্রাঙ্গণে দাফন করার খবর পাওয়া যায়। পরদিন ৫ সেপ্টেম্বর দেহাবশেষটি দরবার প্রাঙ্গণ উত্তোলন করে পুনরায় শামিমের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করে জেলা প্রশাসন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, শামিমের ভাই মামলা করেছেন। কারা পুরোনো কবর খুঁড়ে শামিমের দেহাবশেষ তুলে দরবার শরিফে নিয়ে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে।