এক্সপ্রেসওয়ে এলাকায় দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১ লাখ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার রফিকুল ইসলাম উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার বাসিন্দা। আহত অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সোমবার সকাল ৮টার দিকে অটোরিকশায় ড্রামভর্তি দুধ নিয়ে সিরাজদিখানের নিমতলা এলাকায় যান। সেখানে দুধ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩-৪ জন নেমে তার অটোরিকশার গতিরোধ করে।
একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বাম হাত ও পেটের বাম পাশে গুরুতর জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সিএনজিযোগে মাওয়ার দিকে পালিয়ে যায়।
ঘটনার পর আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


