Advertisement

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা
তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট। ছবি: এশিয়া পোস্ট

দুই দিনের অতিভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার; যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ১৩ সেন্টিমিটার ওপরে।

স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গত দুই দিনের অতি ভারি বৃষ্টি। অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে কারণে বাংলাদেশ অংশের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত মাসের শেষ দিকে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হয়; যা একদিন পরে উন্নতি ঘটে। এরপর মঙ্গলবার ভোর থেকে থেকে পানি বাড়া শুরু হলে ভোরে বিপৎসীমার কাছে চলে আসে। এতে চলতি মৌসুমে তিস্তাপাড়ের মানুষ পঞ্চমবারের মতো বন্যার কবলে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গোবর্দ্ধন গ্রামের রমিজা খাতুন বলেন, গত রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। ক্রমেই বেড়ে চলেছে তিস্তা নদীর পানি। চরাঞ্চলের বেশ কিছু বাড়িতে পানি উঠেছে। পানি চাপ দেখে মনে হচ্ছে বড় বন্যা হতে পারে। বড় বন্যা হলে দীর্ঘ দিন সংস্কার না করা বাঁধগুলো ভেঙে যেতে পারে। এমন হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। বন্যার সময় নদীপাড়ের মানুষরা আমরা নির্ঘুম রাত বাটাই। চার দিকে পানি আর পানি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টিপাত ও উজানের পানি প্রবাহ অব্যাহত থাকায় পানি বেড়েছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। এ কারনে নদী তীরবর্তি এলাকার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্য দেখা দিতে পারে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বুধবার সকাল থেকে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে যায়। স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে।