সাজা এড়াতে সাত বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার রশিদুল ইসলামের ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল সোমবার বিকেলে বালিয়াডাঙ্গী থানাধীন আশা সুপার মার্কেটে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
২০১৯ সালের ৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে আদালত রুবেল পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
