logo

৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ নেওয়া সেই পুলিশ প্রত্যাহার

৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ নেওয়া সেই পুলিশ প্রত্যাহার

নওগাঁয় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারে ঘুষ দাবির ঘটনায় এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বদলগাছী থানার এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আজিজুর রহমান বদলগাছী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছিলেন। বর্তমানে তাকে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার গোড়শাহী গ্রামের বিউটি বেগম নামে এক ভুক্তভোগীর কাছ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন এসআই আজিজুর রহমান। অথচ ফোনটির বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী বিউটি বেগম অভিযোগ করেন, মোবাইল ফোন হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে বদলগাছী থানার এসআই আজিজুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে মোবাইল উদ্ধারের কথা বলে টাকা দাবি করেন। নির্ধারিত টাকা না দিলে ফোন ফেরত পাওয়া যাবে না বলেও ইঙ্গিত দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এর আগে, গত ১৮ মার্চ নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের সংবাদটি প্রকাশ করে এশিয়া পোস্ট। এরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত এসআইকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ বিষয়ে ওসি লুৎফর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এসআই আজিজুর রহমানকে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, একটি ছোট ঘটনার মাধ্যমে পুলিশের মধ্যে ঘুষের সংস্কৃতির যে চিত্র সামনে এসেছে, তা উদ্বেগজনক। তবে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনের জবাবদিহিতা কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে।