সাড়ে তিন বছর পর ভারত থেকে গম আমদানি

ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় তিন বছর ছয় মাস ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। এত বছর পর বন্দর দিয়ে গম আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে ভারত থেকে তিন ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়। মিফা ইন্টারন্যাশনাল গমগুলো আমদানি করেছে। যা ভারতের ইজান ট্রেডার্স রপ্তানি করেছে। এর আগে নিজেদের বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে ২০২২ সালের ১৩ মে রপ্তানি বন্ধ করেছিল ভারত সরকার।
হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, গম রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছিল। ফলে আমদানিতে আর কোনও বাধা ছিল না। কিন্তু সেসময়ে ভারতে পুরোনো গম ছিল যার তুলনায় দাম বেশি ছিল। কিন্তু বাংলাদেশে অন্য দেশ থেকে আমদানিকৃত গম কম দামে বিক্রি হতো। পড়তা না পড়ায় এতদিন আমদানি হয়নি। আজ তিন ট্রাক গম আমদানি হয়েছে। ভারতের এফসিআই জাতের গমের মান ভালো। এটি দিয়ে ভালো ময়দা তৈরি হয়। চাহিদা থাকায় হয়তো আমদানি হয়েছে। এখন দেশীয় গম ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতে যে দাম, তাতে আমদানিকৃত গমের পড়তা একই রকম পড়বে। লাভ না থাকায় আমদানিকারকরা তেমন একটা আগ্রহ পাচ্ছেন না। যদি ভারতে নতুন গম উঠতে শুরু করে তখন আমদানি আরও বাড়বে।
স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি দিয়ে ভারত থেকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গম আমদানি হয়েছিল। এরপর ভারত সরকার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমদানি বন্ধ ছিল। সম্প্রতি তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আমদানি শুরু হয়েছে। এসব গম যেন দ্রুত খালাস হয়, সে ব্যবস্থা করব আমরা।